অনলাইন জুয়াকে না বলি, খেলার মাঠে আসি—ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১১৩ বার পড়া হয়েছে

অনলাইন জুয়াকে না বলি, খেলার মাঠে আসি—ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নয়ন মনি,স্টাফ রিপোর্টার
‘অনলাইন জুয়াকে না বলি, খেলার মাঠে আসি’—এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় এফ জে ইউ বি স্পোর্টিং ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হওয়া এ খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে ছিল ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড়।
ফাইনাল খেলায় বাসাবাড়ি ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, ৩১৪ মহিলা আসন ১৪,খেলার সভাপতিত্ব করেন গদখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. অহিদুজ্জামান লিটু।
এ ছাড়া বিশেষ অথিতি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা বিএম হাইস্কুলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোরের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা স্পোর্টিং ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল এবং এফ, জে, ইউ, বি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল হাই সহ ঝিকরগাছা উপজেলা ও গদখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ ও যুবসমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। অনলাইন জুয়া ও মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়াচর্চা বাড়াতে হবে। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি সবাইকে মাঠে এসে খেলাধুলা উপভোগ করার এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান।
আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানোর পাশাপাশি অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তোলা সম্ভব হবে।











