আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ৫ জনকে জরিমানা
- আপডেট সময় : ০৯:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৩৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (দুপুরে) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা চক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত আটক পাঁচজনকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—রতন মিয়ার ছেলে কাউসার (৩৫), সোহেল মোল্লার ছেলে দীপু মোল্লা (৩০), ইমান আলীর ছেলে রুবেল (৩২), আমির আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে কাউসার মিয়া (২৫)।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। এর ফলে কৃষিজমির ক্ষতি হওয়াসহ পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের আটক করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন জানান, কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ফসলি জমি কেটে মাটি বিক্রির মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।










